Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য কারখানা দুইটি বন্ধ করা হয়

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পিএম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মুখে এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড নামের দুইটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৩০ এপ্রিল) থেকে বাংলাদেশ শ্রম আইন ১৩ (১) ধারা মোতাবেক মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবস্থিত কারখানা দুইটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 

শ্রমিকরা জানান, বুধবার সকালে কারখানার গেইটে গিয়ে তারা বন্ধের নোটিশ দেখতে পান। হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কোনাবাড়ী এলাকায় এম এম গ্রুপের তিনটি কারখানা রয়েছে। সম্প্রতি কিছু শ্রমিক অশোভন আচরণ করায় মালিকপক্ষ তিনটি কারখানা থেকে প্রায় ৩০০ শ্রমিককে ছাঁটাই করে তাদের সকল পাওনা পরিশোধ করে। এ ঘটনার কয়েকজন শ্রমিককে মারধরের গুজব ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার ওই গুজবকে কেন্দ্র করে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানার ভেতরে ধর্মঘট করে ভয়ভীতি প্রদর্শনসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অভিযোগে এদিন রাত ১০টার দিকে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয়।

কয়েকজন শ্রমিক জানান, তাদের ছাঁটাইকৃত কয়েকজন সহকর্মীকে মালিকপক্ষের লোকজন মারধর করায় তারা কাজ বন্ধ করে প্রতিবাদ জানান। ভয়ভীতি প্রদর্শন বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেননি।

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, “শ্রমিকদের অশোভন আচরণের কারণে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাঁটাইকৃত শ্রমিককে মারধরের অভিযোগ ভিত্তিহীন।”

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম বলেন, “মালিকপক্ষ নিজেরাই সমস্যার সমাধান করে থাকেন। শ্রমিকদের মধ্যে অসৌজন্যমূলক আচরণ দেখা দেওয়ায় কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কোনোরকম অস্থিতিশীল পরিবেশ এড়াতে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।”

   

About

Popular Links

x