নাটোর শহরতলীতে মোবাইল ফোন চুরিকে কেন্দ্রে করে এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে ব্যাটারিচালিত রিকশাচালক খোরশেদ আলী নিহত হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত এসএসসি শিক্ষার্থী সালমান (১৭) পলাতক রয়েছে। সে একই গ্রামের তেগাছি মধ্যপাড়ায় বসবাস করতো ও স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রিকশাচালক খোরশেদ আলীর সম্প্রতি সময়ে একটি মোবাইল ফোন চুরি হয়। এতে অভিযুক্ত শিক্ষার্থীকে সন্দেহ করা হয়। এ নিয়ে দুই জনের মাঝে কথা কাটাকাটির জেরে একপর্যায়ে ওই গ্রামের সাবেক মেম্বার সাইফুলের বাড়ির সামনে খোরশেদ আলীকে ধারালো ছুরি দিয়ে ঘারে আঘাত করে পালিয়ে যায় সে।
এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খারশেদ এর মামাতো ভাই ফারুক হোসেন বলেন, “আমার ভাই রিকশা চালিয়ে খায় এবং বাড়িতে একাই থাকে। বাড়ির অন্য সদস্য স্ত্রী-সন্তান ঢাকায় পোশাক কারখানায় কাজ করে ও সেখানেই থাকে।”
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে গলায় ছুরি মেরে রিকশাচালককে খুন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পনা থেকে গলায় ছুরি মারা হয়েছে। এ ঘটনার পর থেকে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছেন।”



