Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের

শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম

আপডেট : ০২ মে ২০২৫, ০৬:১২ পিএম

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দাবি পূরণ না করা হলে ঢাকাসহ সারাদেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

শুক্রবার (২ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।

শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। এই মহাসমাবেশ সফলের লক্ষ্যে আজ বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশের পল্টন জোন।

মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, “আন্দোলনের মুখে হাসিনার বিদায় হয়েছে, আপনি ফুঁয়ের সঙ্গে বিদায় হয়ে যাবেন। আপনার সময় আগামীকাল পর্যন্ত, এর মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে দেশ অচল করে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে।”

জুনায়েদ আল হাবীব বলেন, “আগামীকাল হেফাজতের সমাবেশে সারাদেশ থেকে মানুষ অংশগ্রহণ করবে। ইতোমধ্যে দিনাজপুর থেকে ৪২টি বাস আসার জন্য প্রস্তুত হয়েছে। চার থেকে সাড়ে হাজার মানুষ বরিশাল থেকে লঞ্চে আসবে।”

সমাবেশ সফল করতে তিনি সবাইকে শনিবার ফজরের নামাজের পর মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, পল্টন জোনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল কাইয়ুম সোবহানী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে হেফাজতে ইসলামের পল্টন জোনের সভাপতি মাওলানা সালাহ উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হয়ে পল্টন হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।

   

About

Popular Links

x