Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

খলিলুর রহমান: মিয়ানমারের সঙ্গে ‘প্রক্সি ওয়ারে’ জড়াবে না বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, ‘মানবিক করিডর’ বিষয়ে আলোচনা বা সিদ্ধান্ত হয়নি

আপডেট : ০৪ মে ২০২৫, ০৪:১০ পিএম

মানবিক করিডরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো “প্রক্সি ওয়ারে” জড়াবে না বাংলাদেশ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

আমেরিকার হয়ে আরাকানে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ শুরু করছে, এমন গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “এসব নিছকই অপতথ‍্য ও গুজব। যা কখনো কাম্য নয়।”

রবিবার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

রাখাইনে “মানবিক করিডর” প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, “আমরা মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা করিনি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে কোনো পক্ষের সঙ্গে কোনো সমঝোতাও হয়নি।”

রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ বলেন, “আমরা রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে চ্যানেলের বিষয়ে আলোচনা করছি। আর মানবিক করিডর ও চ্যানেল এক নয়। এমন কিছু হলে জাতিসংঘের তত্ত্বাবধানে তা পরিচালিত হওয়ার কথা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হোক, এমন কিছুই যে বাংলাদেশ চায় না, সেটি দেশটিকে আবারও আশ্বস্ত করা হয়েছে।”।

খলিলুর রহমান বলেন, “রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে। এটা সহজ না হলেও সরকার তা বাস্তবায়ন করবে।”

রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না উল্লেখ করে তিনি জানান, যদি সেটা করা হয়, তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড।

 

   

About

Popular Links

x