Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

এনআইডির তথ্য ফাঁস, আনসার ও ব্র্যাক ব্যাংকের তথ্য যাচাই সেবা বন্ধ

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন, ডাটাবেস সুরক্ষিত রাখতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে

আপডেট : ০৭ মে ২০২৫, ০৩:৫১ পিএম

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ও ব্র্যাক ব্যাংকের এনআইডি তথ্য যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৭ মে) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, নির্বাচন কমিশন মঙ্গলবার (৬ মে) এ তথ্য জানতে পেরেছে।

হুমায়ুন কবীর বলেন, “মঙ্গলবার ধরা পড়ে, দুটি প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁস হচ্ছে। তখন সংশ্লিষ্টরা বিষয়টি ভালোভাবে যাচাই করেন। পরে দেখা যায়, আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁসের ঘটনা ঘটছে।”

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক বলেন, “তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় এই দুটি প্রতিষ্ঠানের সেবা কর্তৃপক্ষের সিদ্ধান্তে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।”

তিনি আরও জানান, তথ্য ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মহাপরিচালক বলেন, “আমরা এনআইডি ডাটাবেস সুরক্ষিত রাখতে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এই ডাটা সবার জন্য নিরাপদ থাকবে। আমানত রক্ষা ও মনিটরিং নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারে ১২ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য রয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে এনআইডির সঠিকতা যাচাই করে থাকে। এই সেবা নিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি করে থাকে। এর আগেও একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে এনআইডির তথ্য ফাঁস হয়েছিল।

 

   

About

Popular Links

x