Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

রংপুরে ভারী বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল দেড় ফুট পানির নিচে 

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার-মঙ্গলবার দুদিনে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে 

আপডেট : ২০ মে ২০২৫, ১২:১২ পিএম

ভারী বৃষ্টিতে বিভাগীয় নগরী রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নগরীর ২০টি মহল্লা এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। ফলে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) রংপুর আবহাওয়া অফিস জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১১৮. ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরীর ফুসফুস বলে খ্যাত শ্যামা সুন্দরী খাল ভরাট হয়ে হওয়ায় অবিরাম বৃষ্টিতে খাল উপচিয়ে পানি আশেপাশের অনেক বাড়িঘরে প্রবেশ করেছে। নগরীর উপর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ শ্যামা সুন্দরী খাল অনেক স্থানে তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, নগরীর মুন্সিপাড়া, মুলাটোল, বাবু খাঁ, গোমস্তপাড়া, জুম্মাপাড়া, হনুমান তলাসহ অন্তত ২০টি মহল্লা এক থেকে দেড় ফুট পানিতে প্লাবিত হয়েছে। ফলে হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, গত দুদিনে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি হতে পারে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে অবিরাম বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে এখনও বিপদ সীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আকস্মিক অবিরাম বৃষ্টিতে চরাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হওয়ায় ধান ক্ষেতসহ রবি শষ্যের অনেক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

   

About

Popular Links

x