Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

আন্দোলনরত স্নাতক (পাস) ২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:৪৫ পিএম

গাজীপুরে অটোপাসের দাবিতে আন্দোলনরত স্নাতক (পাস) ২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) ওপর হামলা করেছে। এতে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আহত হয়েছেন।

বুধবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের গেটে তিনি গাড়ি থেকে নামার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বলেন, “দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের গেটে এসে গাড়ি থেকে নামছিলেন। এসময় অটোপাসের দাবিতে স্নাতক (পাস) ২০২২ এর অকৃতকার্য পরীক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। এতে তিনি কিছুটা আহত হন।”

তিনি আরও বলেন, “গত কিছুদিন ধরে স্নাতক (পাস) ২০২২ এর অকৃতকার্য পরীক্ষার্থীরা অটোপাসের দাবি জানিয়ে আসছিল। অটোপাস না দেওয়ায় ইতোপূর্বে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিকবার বিশৃংখল অবস্থার সৃষ্টি করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে ওই স্নাতক (পাস) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯% পরীক্ষার্থী পাস করে।”

তিনি বলেন, “এই ব্যাচের শিক্ষার্থীদেরকে ইতোমধ্যেই করোনা মহামারী এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এছাড়া এদেরকে খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার রেজাল্ট এ মাসেই বের হবে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানির পরিপ্রেক্ষিতে বুধবার তারা অটোপাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার ঘটনায় গাছা থানায় মামলা দায়েরের উদ্যোগ গ্রহণ করেছে।”

 

   

About

Popular Links

x