Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের কেনাকাটা শেষে ট্রাকচাপায় মা-বাবা ও ছেলে নিহত

ঝিনাইদহে একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৮:১৯ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় ঈদের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মা ও ছেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার আশাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মাইলমারী গ্রামের কৃষক মোস্তফা হোসেন (৪৫) তার স্ত্রী সেলিনা খাতুন (৪০) ও আট বছরের ছেলে সন্তান মাহিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেলে ওই তিনজন ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আশাননগর নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাইল বলেন, “হাসপাতালে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।”

মোস্তফার প্রতিবেশী হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।”

   

About

Popular Links

x