কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে ২২ জন রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে। এরমধ্যে ১৪ জন রোহিঙ্গা বিজিবির হেফাজতে রয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে রোহিঙ্গারা অনুপ্রবেশ করে টেকনাফ বাস স্টেশন এলাকায় আবু ছিদ্দিক মার্কেট এলাকায় অবস্থান নেন।
বিজিবির হেফাজতে থাকা অনুপ্রবেশকারি রোহিঙ্গারা মিয়ানমারের বুচিডং শহরের লম্বাবিল এলাকার মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য। যেখানে দুইজন নারী, দুইজন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে।
মোহাম্মদ আমিন ও মোস্তফা কামাল জানিয়েছেন, মিয়ানমার থেকে নৌকা যোগে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা হয়ে বঙ্গোপসাগরের টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া উপকূলে ওঠেন তারা। নৌকায় মোট ২২ জন রোহিঙ্গা ছিলেন।
অন্য আটজন নৌকা থেকে নেমে অন্যত্র পালিয়ে গেলেও অটোরিকশা যোগে তারা টেকনাফ স্টেশন এলাকায় আসেন। ওখানের মার্কেটটিতে আশ্রয় নিলে গোয়েন্দা সংস্থার লোকজন তাদের আটকে রাখে।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিষয়টি বিজিবিকে জানানোর পর বিজিবি রোহিঙ্গাদের হেফাজতে নিয়েছে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, ১৪ রোহিঙ্গাকে হেফাজতে নেওয়া হয়েছে। এদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, মিয়ানমারেরর জান্তা সরকারের সংঘাতের পর ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখলে নেয় আরাকান আর্মি।
এরপর থেকে ১ মে পর্যন্ত নতুন করে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানিয়েছিলেন ইউএনএইচসিআর ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।



