Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:৫৫ এএম

নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজন বন্ধু ছিলেন।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (২৫), আশিক মিয়া (২৩) ও অপু মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার সন্ধ্যার দিকে তিনজন নরসিংদী শহরে এসেছিলেন। বাড়ি ফেরার পথে সাড়ে ১১টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজনই দুমড়েমুচড়ে যাওয়া ওই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে অপু মিয়ারও মৃত্যু হয়।

এ সম্পর্কে শিবপুর থানার উপ-পরিদর্শক অজয় বালা বলেন, “দুইজনের লাশ থানায় এনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত তিন তরুণের পরিবারের সদস্যরা এরই মধ্যে থানায় এসেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

   

About

Popular Links

x