Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফেসবুকে পোস্ট ‘গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে’

  • মহানবিকে নিয়ে কটূক্তির অভিযোগ, বাড়িতে গিয়ে স্থানীয়দের হুমকি
  • শাকিল আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার
আপডেট : ১০ জুন ২০২৫, ০৫:২২ পিএম

মানিকগঞ্জের সিঙ্গাইরে নিজবাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম শাকিল আহমেদ (২৪)।

মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ জামশা গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, শাকিল আত্মহত্যা করেছেন।

এদিকে, মৃত্যুর আগে সোমবার রাতে ফেসবুকে চারটি পোস্ট দিয়েছিলেন শাকিল। সর্বশেষ পোস্টে তিনি লিখেছেন, “আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদকে কোনো কটূক্তি করিনি। আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করত, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করত। আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দিবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না। একটা ছেলে হয়ে নিজের বাবা–মায়ের মানসম্মান আমি এভাবে নষ্ট করে দুনিয়ায় বেঁচে থাকতে পারব না। কোনো দিন আমি গ্রামে মাথা তুলে চলতে পারব না। আত্মহত্যা মহাপাপ আমি জানি। আমি অনেক পাপ করেছি, আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি।”

স্বজনরা জানিয়েছেন, বেশ কিছুদিন আগে ফেসবুকে মহানবি হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে এক ব্যক্তির পোস্টে মন্তব্য করেছিলেন শাকিল। পরে সেটি ঘিরে স্থানীয় কিছু লোক তাকে হুমকি দেন। বাড়িতে গিয়েও বিভিন্নজন তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখান। এ পরিস্থিতির কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সাত-আট মাস আগে শাকিল ওই মন্তব্য করেন। পরে তা মুছে ফেলেন। সোমবার রাতে সেটির স্ক্রিনশট আবার ভাইরাল হয়। এরপর রাতে আশপাশের এলাকার কয়েকজন তার বাড়িতে গিয়ে তাকে ও পরিবারকে হুমকি দেন। এরপর দিবাগত রাত দুইটার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাকিল।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “ওই শিক্ষার্থী তার নিজ ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। পুরোনো ওই মন্তব্য সম্প্রতি ভাইরাল হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনি আত্মোপলব্ধি ও পারিবারিক মানসম্মানের কারণে আত্মহত্যা করেছেন।”

ওসি জানান, শাকিলের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

   

About

Popular Links

x