Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই পর্যটক নিহত: ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

১১ জুন ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল আলীকদম যায়

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলায় দুই পর্যটকের মৃত্যু ও এক পর্যটক নিখোঁজের ঘটনায় “ট্যুর এক্সপার্ট” গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পর্যটকদের নিয়ে ক্রিস্টং ও রংরাং পাহাড় ভ্রমণ শেষে আলীকদমে ফিরে আসার পর শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় আলীকদম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

জানা গেছে, পাহাড়ি ঢলে নিহত স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমানের করা মামলায় বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, শনিবার সকালে হাবিবুর রহমান স্মৃতি আক্তারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনকে আসামি করে আলীকদম থানায় মামলা দায়ের করা হয়। মামলায় নিয়মকানুন অনুসরণ না করে ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকায় ভ্রমণ আয়োজনের অভিযোগ আনা হয়েছে বর্ষা ইসলামের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল আলীকদম যায়। এই দলের কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামে একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া জয় করা। পরে পর্যটক দলটি দুই ভাগে ২২ ও ১১ জনের দুটি দলে বিভক্ত হয়। যাত্রাপথে ২২ জনের দলটি তৈন খাল পারাপার হওয়ার সময় ১৯ জন নিরাপদে পার হলেও হরকাবানের স্রোতে কো-হোস্ট হাসানসহ তিনজন তৈন খাল পার হতে পারেননি। ওই তিনজনের একজন হলেন শেখ জুবাইরুল ইসলাম, যার মরদেহ বৃহস্পতিবার ভোরে আলীকদমের কানাই মাঝির ঘাটে পাওয়া যায়। পরে ১৩ জুন সকাল সাড়ে ১০টায় আলীকদমের তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হলেও হাসানের খোঁজ এখ‌নও পাওয়া যায়নি।

নিহত স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান মামলার এজাহারে অভিযোগ করেন, বর্ষা ইসলামের পরিচালিত ট্যুর এক্সপার্ট গ্রুপ অনলাইনে ক্রিস্টং ও রংরাং পাহাড়ে ভ্রমণের ওপর আকর্ষণীয় পোস্ট করেন। ওই পোস্ট দেখে তার মেয়ে স্মৃতি আক্তার আলীকদম যান। বৈরী আবহাওয়ায় ঝুঁকির বিষয়টি না জানিয়ে বিপজ্জনক জায়গায় পর্যটকদের নিয়ে গিয়ে বর্ষা ইসলাম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তা ছাড়া স্থানীয় ট্যুরিস্ট গাইড পর্যাপ্ত সংখ্যায় সঙ্গে নিয়ে যাননি তারা। স্থানীয় ট্যুরিস্ট গাইড ছাড়া পাহাড়ি পরিবেশে তার অনভিজ্ঞ মেয়ে স্মৃতি আক্তারসহ পর্যটকেরা আলীকদমের দিকে ফিরছিলেন। শামুকঝিরি ঝরনা এলাকায় এসে প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে স্মৃতি আক্তার ও সঙ্গে থাকা হাসান চৌধুরী এবং জুবাইরুল ইসলাম ভেসে যান। ট্যুর এক্সপার্টের প্রধান বর্ষা ইসলাম ও তার সহযোগীদের অবহেলা, দায়িত্বহীন ও অদক্ষতায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মুমিন জানিয়েছেন, কোনো পর্যটক উপজেলা সদরের বাইরে ভ্রমণে গেলে উপজেলা পর্যটন সেবাকেন্দ্রে নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হয়। প্রতি ১০ জনের জন্য একজন করে নিবন্ধিত ট্যুরিস্ট গাইড নেওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু ট্যুর এক্সপার্টের বর্ষা ইসলাম ১২ জন পর্যটকের নাম ও ঠিকানা দিয়ে ৩৩ পর্যটকের জন্য মাত্র একজন ট্যুরিস্ট গাইড নিয়েছিলেন সঙ্গে। ১২ জন ট্যুরিস্ট একজন গাইড নিয়ে আরও দূরে ভ্রমণে গেছেন। ২২ জন পর্যটককে কোনো গাইড ছাড়া ফেরত পাঠানো হয়েছে। এ জন্য দুর্ঘটনায় পড়ে তিন পর্যটক নিখোঁজ হয়েছেন। এখনও একজনের কোনো হদিস মিলছে না।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন জানিয়েছেন, বর্ষা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ট্যুর এক্সপার্ট গ্রুপের অন্য ব্যক্তিদেরও অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। গ্রেপ্তার বর্ষা ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x