Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০ দোকান-বসতঘর পুড়ে ছাই

ফায়ার সার্ভিস জানিয়েছে, চারটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে

আপডেট : ১৭ মে ২০২৬, ০১:৪১ পিএম

বান্দরবান সদর উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।

রবিবার (১৭ মে) ভোর ৪টায় সদরের জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে হঠাৎ বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা করে। এরপর আশেপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্যসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় অনেক ক্ষতি হয়েছে।

জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য সিং শৈ মার্মা বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রায় ৫০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে।”

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, “আমাদের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও কত টাকার ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।”

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাঘমারা বাজার পুড়ে অনেক ব্যবসাযী নিঃস্ব হয়েছিলেন।

   

About

Popular Links

x