বগুড়ায় শিক্ষার্থী পরিচয় দিয়ে শিক্ষককে ফোন করে ডেকে নিয়ে অপহরণ, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের মূলহোতা এক নারীসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুরে দু’জনকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
এক সপ্তাহ পর রবিবার (২২ জুন) ঘটনার র্যাব-১২ বগুড়া কোম্পানীর সদস্যরা শহরের খান্দারে পাসপোর্ট অফিসের সামনে থেকে রাতে তাদের গ্রেপ্তার করেন। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নগরপাড়া গ্রামের রাবেয়া খাতুন রিয়া (২০) ও শিবগঞ্জের পাকুরিয়া গ্রামের মানিক চন্দ্র সরকার (৪৫)।
র্যাব সূত্র জানায়, রাবেয়া খাতুন রিয়া গত ১৫ জুন সন্ধ্যা ৬টার দিকে নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক গোলাম রব্বানীকে ফোন দেন। তাকে শহরের সরকারি আজিজুল হক কলেজ গেট এলাকায় আসতে বলা হয়। সেখানে আসার পর রিয়া কৌশলে তাকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যায়।
সেখানে আগে থেকে থাকা ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে শিক্ষককে জিম্মি করে শিক্ষকের পকেটে থাকা নগদ ৩,৫০০ টাকা বের করে নেওয়া হয়। এরপর পরিবারের সদস্যদের অপহরণের বিষয়টি অবহিত করে মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে ৩৮,০০০ টাকা আদায় করা হয়। তারা শিক্ষক গোলাম রব্বানীর ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার পর তাকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে শিক্ষক সদর থানায় তাকে অপহরণ মামলা করেন। মামলার পর র্যাব সদস্যরা তদন্ত শুরু করেন। একপর্যায়ে তারা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের মূলহোতা রাবেয়া খাতুন রিয়া ও এক সদস্যের অবস্থান শনাক্ত করেন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে রিয়া ও মানিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। পরে তাদের বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সমাজের প্রভাবশালী ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের অপহরণের পর মুক্তিপণ আদায় করে আসছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, আসামিদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।



