পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ দুয়ার খুলে যাওয়ার তিন বছরপূর্তি আজ। ২০২২ সালের ২৬ জুন বহুল প্রতিক্ষীত পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর এই তিন বছরে ১ কোটি ৯৪ লাখ ৭১,৬৯২টি যান পারাপারে টোল আদায় হয়েছে ২ হাজার ৫০৪ কোটি ৬৭ লাখ ৬২,৮০০ টাকা টোল আদায় হয়েছে।
বর্তমানে এই সেতুর ওপর তলায় সড়ক পথ ও আর নিচ দিয়ে ছুটছে ট্রেন। রাতদিন দ্রুতবেগে পদ্মার ওপর দিয়ে চলছে ট্রেন ও সড়ক পথের যাত্রা।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়। পরের বছর ২০২৩ সালের ১০ অক্টোবর পদ্মা সেতুর রেলপথের উদ্বোধন হয়। পদ্মা সেতু হয়ে চালু হয় ঢাকা-ভাঙ্গা নতুন রেল নেটওয়ার্ক।
পরে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্প পুরোপুরি চালু হয়। সেদিন রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা হয়ে নতুন পথে নড়াইল ও যশোর অতিক্রম করে খুলনা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়। এর ফলে রাজধানী থেকে মাত্র সাড়ে ৩ ঘণ্টায় খুলনা ও বেনাপোল পৌঁছানো যাচ্ছে।
পদ্মা সেতুর দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ ইউএনবিকে বলেন, “কোনো বিড়ম্বনা ছাড়াই টানা দিন বছর সেতুতে নিরবিচ্ছিন্নভাবর যান পারাপার হচ্ছে। এটি একটি বড় মাইলফলক।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালুর তিন বছরে মোট ১ কোটি ৯৪ লাখ ৭১,৬৯২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া দিয়ে প্রবেশ করে ৯৬ লাখ ৭১,১১২ টি যান, আর ৯৮ লাখ ৫৮০টি যান জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করে। মাওয়া থেকে ১ লাখ ২৯,৪৬৮টি বেশি যান জাজিরা প্রান্ত দিয়ে প্রবেশ করে পদ্মা সেতু অতিক্রম করেছে।
গত ৫ জুন পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড পরিমান ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায় হয়েছে। এই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫২,৪৮৭টি যানবাহন পারাপার হয়। পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায় ও যানবাহন পারাপারের নতুন রেকর্ড এটি।
এর আগে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর যান চলাচলের শুরুর দিনে সর্বোচ্চ ৫১,৩১৬টি যানবাহন পারাপারের রেকর্ড ছিল। আর ২০২৪ সালের ৯ এপ্রিল ঈদুল ফিতরের আগে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪,৭০০ টাকা।
প্রকৌশলী আবু সায়াদ জানান, সেতু চালুর প্রথম বছর ৫৬ লাখ ৯৪,৮৯৯টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩,৭০০ টাকা। দ্বিতীয় বছর ৬৮ লাখ ১,৩৭৪টি যানের বিপরীতে টোল পাওয়া যায় ৮৫০ কোটি ৪৩ লাখ ৫৬,৩৫০ টাকা। আর তৃতীয় বছর ২৫ জুন রাত ১২টা পর্যন্ত ৬৯ লাখ ৯৫,২২৯টি যান পারাপারে টোল আদায় হয়েছে ৮৬১ কোটি ২২ লাখ ১৮,৮৫৯ টাকা।
মূল পদ্মা সেতু ৬.১৫ কিলোমিটার দীর্ঘ। তবে অ্যাপ্রোচসহ এর দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার।
সেতু নিরাপত্তাসহ ট্রাফিক আইন মেনে পদ্মা সেতুতে যানাবাহানের নিবিঘ্নে চলাচলে সেতু এবং দুই প্রান্তের সড়কজুড়ে অত্যাধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। সেতুতে যানবাহানের গতিও বৃদ্ধি করে দুই পাড়ের এক্সপ্রেসওয়ের মতই ঘণ্টায় সর্বোচ্চ গতি করা হয়েছে ৮০ কিলোমিটার।



