Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

অন্ধ সংস্থা মার্কেটে চাঁদাবাজি বন্ধের দাবিতে দৃষ্টি প্রতিবন্ধীদের মানববন্ধন

চাঁদাবাজি ও জোরপূর্বক দোকান দখল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:২৯ পিএম

সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মালিকাধীন অন্ধ মার্কেটে (এনএফভিআই শপিং কমপ্লেক্স) চাঁদাবাজি ও জোরপূর্বক দোকান দখল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী।

শনিবার (২৮ জুন) দুপুরে সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়কের অন্ধ মার্কেটের সামনে এই মানববন্ধন হয়।

এ সময় তারা চাঁদাবাজ, সন্ত্রাসী ও অবৈধ দোকান দখল মুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।

তিনি বলেন, “আমরা এই মার্কেট ভাড়া দিয়ে অন্ধদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি। কিন্তু নজরুল ও তার বাহিনী বিভিন্ন সময় মার্কেটে এসে চাঁদা দাবি করে। কোরবানি ঈদের পরে এই সন্ত্রাসী বাহিনী মার্কেটের ম্যানেজারের কাছে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু ম্যানেজার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে (ম্যানেজার) হত্যার চেষ্টা করে।”

তিনি আরও বলেন, “ওই সন্ত্রাসীরা মার্কেটে এসে রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙানো, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙানোসহ কতিপয় সাংবাদিকদের নাম ব্যবহার করে চাঁদা দাবি করে।”

এছাড়াও ছাত্র আন্দোলনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি, অবৈধভাবে মার্কেটের দোকান লিখে দিতে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি সরকার ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।

এ সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভাইস চেয়ারম্যান মোকলেসুর রহমান, যুগ্ম মহাসচিব এস এম ইউনুসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হালেম মাতব্বর, এনএফভিআই ইনচার্জ আব্দুর রহিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x