Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে শয়নকক্ষ থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, ওই নারীকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যা করা হতে পারে

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম

ঢাকার সাভারে একটি ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে শারমিন আক্তার লিজা (৩৬) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে সাভারের আমিন বাজার ইউনিয়নের বড়দেশীর হাজী নগর এলাকার একটি ভাড়া বাড়িতে তৃতীয় তলার পূর্ব পাশের ফ্লাটে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার লিজা ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা আগানগর গ্রামের শওকত হোসেনের মেয়ে। তিনি এক মেয়ে নিয়ে আমিন বাজার ভাড়া বাসায় বসবাস করে রাজধানীতে একটি প্রসাধনী কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিহতের মেয়ে সামিয়া আক্তার জেরিন তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। পরে সন্ধ্যার সময় ভাড়া বাসায় ফিরে তার মা শারমিন আক্তারের বিবস্ত্র অবস্থায় বিছানার ওপর মরদেহ পড়ে থাকতে দেখেন।  এরপরে প্রতিবেশীরা এসে ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে সাভার মডেল থানায় খবর দেন।

সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। তবে নিহতের ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত  ঘটনা জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

   

About

Popular Links

x