Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হেলথ পলিসি ওয়াচ বিষয়টি জানিয়েছে

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার চার মাস পর তাকে ছুটিতে পাঠানো হলো। বিষয়টি জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ।

ডব্লিউএইচও মহাপরিচালক ড. তেদ্রোস আদহানম গেব্রিয়াসুস এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ই-মেইলে এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, ‘‘শুক্রবার (১১ জুলাই) থেকে সায়মা ওয়াজেদ ছুটিতে থাকবেন।’’

তার অনুপস্থিতিতে ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বেম দায়িত্ব পালন করবেন অফিসার-ইন-চার্জ হিসেবে। তিনি মঙ্গলবার (১৫ জুলাই) নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ে (সিয়ারো) যোগ দেবেন।

এ বছরের মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সময় বাংলাদেশের কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসকে সায়মা ওয়াজেদের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অস্বস্তির কথা জানান।

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তার ডব্লিউএইচও পদের জন্য পরিচালিত প্রচারণাকে ঘিরে। অভিযোগে বলা হয়, তিনি তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। এতে বলা হয়, তিনি প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির (দণ্ডবিধির ৪৬৮ ধারা) এবং জাল দলিল ব্যবহারের (৪৭১ ধারা) অপরাধ করেছেন।

দুদকের অভিযোগে আরও বলা হয়, সায়মা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি অনারারি পদে রয়েছেন বলে দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। সায়মা এ দাবি ডব্লিউএইচওতে নিজের অবস্থান মজবুত করতে ব্যবহার করেন বলে অভিযোগে জানান দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে চলে যান হাসিনা।

তাছাড়া, সূচনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে তার ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২.৮ মিলিয়ন ডলার সংগ্রহের অভিযোগও আনা হয়েছে। তবে এই অর্থ কীভাবে ব্যবহৃত হয়েছে, সে বিষয়ে দুদকের মামলায় বিস্তারিত কিছু উল্লেখ নেই।

এই অভিযোগের আওতায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সম্পদ গ্রহণ) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

এসব অভিযোগ ওঠার পর থেকে সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোয় নির্বিঘ্নে ভ্রমণ করতে পারছেন না। এছাড়াও দেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

   

About

Popular Links

x