Saturday, July 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফেনীতে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি পালিয়েছে

আসামিকে গ্রেপ্তার করতে গেলে হামলার মুখে পড়ে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:০২ এএম

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে নারী নির্যাতন মামলার এক আসামি পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে আমজাদহাট ইউনিয়নের ওই ঘটনায় ছাগলনাইয়া থানা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন—ফুলগাজী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাফিদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিদার এবং কনস্টেবল সুমন।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহম্মদ চৌধুরী ওরফে জাল কবির। ছাগলনাইয়া থানায় দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালায়। অভিযানের সময় তাকে আটক করলেও তার সহযোগী ও স্বজনদের সহিংস হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। ধস্তাধস্তির মধ্যে কবির হ্যান্ডকাফসহ পালিয়ে যান।

হামলায় আহত তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নারী নির্যাতন মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। আমরা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

এদিকে, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম বলেন, “কবির আহম্মদ দীর্ঘদিন দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এজন্য গত বছরের ৬ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।”

   

About

Popular Links

x