হরতাল সমর্থনে রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় বাস পোড়ানোর যেসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা “মিথ্যা” বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এ হরতালের ডাক দিয়েছে।
রবিবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, সেগুলো আসলে বহু আগের পুরনো ভিডিও। কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ভিডিওগুলোকে আজকের ঘটনা হিসেবে প্রচার করছে।
ডিএমপি জানায়, এসব স্থানে এমন কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। মানুষের মনে অহেতুক ভীতি ও আতংক সৃষ্টির অপচেষ্টা হিসেবে এক কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে আহ্বান জানিয়ে বলা হয়, কেউ যেন এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকে।



ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ