Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমান বাহিনী প্রধান: দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই

বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না বলেও জানান তিনি

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৯:১৫ পিএম

দেশের বিপদের সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা অপতথ্যে এড়িয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেছেন, ‘‘দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করবো। আমরা সবাই দেশের মানুষ।’’

মঙ্গলবার (২২ জুলাই) ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে মিডিয়া ব্রিফিয়ে তিনি এসব কথা বলেন।

বিমান বাহিনী প্রধান বলেন, ‘‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনী গুরুত্বপূর্ণ। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। হতাহতের বিষয়ে যখনই কোনো তথ্য পাওয়া যাচ্ছে তা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মাধ্যমে প্রকাশ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, ‘‘বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না। বিমান সাধারণত সহজে পুরোনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি। প্রযুক্তি হয়তো পুরোনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরোনো নয়।’’

কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিমান বিধ্বস্তের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কী ঘটেছিল। কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’’

   

About

Popular Links

x