Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইএসপিআর: বিমান বিধ্বস্তে নিহতদের তথ্য গোপনের কোনো চেষ্টা নেই

মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ, তদন্তে সংবাদমাধ্যমকে আহ্বান জানালো সেনাবাহিনী

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৫:৪০ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের তথ্য গোপনের কোনো চেষ্টা করা হচ্ছে না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (২৩ জুলাই) এক বিবৃতিতে আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন।”

তিনি আরও বলেন, “ঘটনার পরপরই কোনো পূর্বনির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে, যেমনটি সবসময় করে থাকে। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই।”

আইএসপিআর পরিচালক জানান, তিনি নিজে এবং আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিল।

তিনি বলেন, “আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, যেকোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে। সেনাবাহিনীসহ যে কাউকে ইন্টারভিউ করতে পারে বা সংশ্লিষ্ট যেকোনো স্থান পরিদর্শন করতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত আছি এবং যেকোনো প্রয়োজনে আপনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করব।”

   

About

Popular Links

x