আদালত অবমাননার মামলায় হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসি ল্যান্ডকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. তারেক আজিজ এ রায় দেন।
আসামিদের অনুপস্থিতিতে তাদের এক মাসের কারাদণ্ড দেন বলে বাদিপক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস জানান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুরে আলম সিদ্দিকী এবং সদর উপজেলার সহকারী কমিশনার (এসি ল্যান্ড) সফিউল আলম।
আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, “১৭ বছর পর আদালত এই মামলার রায় দিয়েছেন। রায়ে বাদিকে তার জমি বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।”
মামলা সূত্রে জানা যায়, জেলা শহরের খোয়াইমুখ এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদ ১৯৯৫ সালে একটি স্বত্ব মামলা করেন। ওই মামলায় ২০০৭ সালে আদালত তার পক্ষে ডিক্রি (রায় দেন) জারি করেন। আদালত ওই সম্পত্তি বাদিকে বুঝিয়ে দিতে আদেশ দেওয়া হয়।
তৎকালীন জেলা প্রশাসক মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে আদালতের রায় উপেক্ষা করে তাকে ওই জমি বুঝিয়ে দেননি।
পরে ২০০৮ সালের ১১ আগস্ট আব্দুল হামিদ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় আদালত আজ এ রায় দেন।



