Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

বুড়িমারীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম

লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেনের সংঘর্ষে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এতে বুড়িমারীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেলস্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় একটি লোকাল ট্রেন এবং ঢাকাগামী লালমনি এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর থেকে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশের সময় লালমনি এক্সপ্রেস ওয়াশপিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপর দিকে পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে কমিউটারের যাত্রীরা। লাইন মেরামতসহ রেক উদ্ধারকাজ শুরু করেছে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুল সিগনালের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

লালমনিরহাট রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান বলেন, ‘‘রেল দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকাজ চলছে। কারও দায়িত্বের গাফিলতি থাকলে তা তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’’

   

About

Popular Links

x