স্বর্ণের দামে আবারও পরিবর্তন হয়েছে। এবার ভরিতে ১,০৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে স্বর্ণের দাম সমন্বয় করার সিদ্ধান্ত গণমাধ্যমকে জানায় বাজুস।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বেড়েছে। এজন্য স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, কাল বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকায় বিক্রি হবে।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হবে ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা।
দেশের বাজারে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৩৯৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বিক্রি হয়েছে।
আগামীকাল থেকে ২২ ক্যারেট স্বর্ণে ১,০৫০ টাকা, ২১ ক্যারেটে ১,০০৩ টাকা, ১৮ ক্যারেটে ৮৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ৭২৩ টাকা দাম বাড়বে।



