দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (১০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৬,৫৯১ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানায় বাজুস।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
এতে আরো বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২,২২,৭৮২ টাকা নির্ধারণ হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১২,৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮২,২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৮,৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সবশেষ ৬ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৫,৪৮২ টাকা কমিয়েছিল সংগঠনটি।
এ নিয়ে জুন পর্যন্ত দেশের বাজারে ৭২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম।



স্বর্ণের দামে আবারও বড় পতন