শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রবিবার থেকে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী মালিকরা কারখানা বন্ধ ঘোষণা করতে পারবে বলে ঘোষণা দিয়েছে পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের দুটির নেতারা।
এর আগে চলমান পরিস্থিতি নিয়ে পোশাক শিল্পমালিকরা জরুরি বৈঠক করেন। বৈঠকে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন বলে জানা গেছে।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসানসহ সংগঠন দুটির নেতারা সংবাদ সম্মেলনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, ‘‘একদিকে কারখানায় অসন্তোষ অন্যদিকে মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক করা অযৌক্তিক। তবে আগামী সোমবার অনুষ্ঠেয় মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরির প্রস্তাব দেবেন।’’
বিজিএমইএ সভাপতি বলেন, ‘‘বিজিএমইএ ও বিকেএমইএ সংগঠন হিসেবে কোনও কারখানা বন্ধ কিংবা খোলা রাখার সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখে না। দুপুরের বৈঠকে মালিকরাই ১৩/১ ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।’’
তিনি আরও জানান, পরিস্থিতি পর্যালোচনায় তারা দেখেছেন, বেশিরভাগ শ্রমিকই কাজে যোগ দিতে চায়। তবে একটি মহল শিল্পে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টায় লিপ্ত। তাদের উসকানিতে কিছু শ্রমিকও কারখানায় বিশৃঙ্খলা করছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনী, মালিক ও শ্রমিক-সবপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।



