Sunday, June 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘প্রিয় এজেন্ট’ সার্ভিসে বিকাশের ক্যাশ আউট চার্জ কমলো

বিকাশ জানায়, এখন থেকে প্রান্তিক জনগোষ্ঠীসহ সবার জন্য মোবাইল আর্থিক সেবা আরো সাশ্রয়ী হলো

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০২:০৭ পিএম

ক্যাশ আউট চার্জ কমিয়েছে দেশের অন্যতম বৃহৎ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে একটি প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে পারবেন গ্রাহক। সব সময়ের মতই বিকাশের এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে, গ্রাহককে ক্যাশ আউটের জন্য বাড়তি আর কোনো খরচ করতে হবে না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ।

এতে বলা হয়, বিকাশের সাড়ে পাঁচ কোটি গ্রাহকের সবাই ২৫ হাজার টাকা পর্যন্ত কো খরচে ক্যাশ আউট করতে পারবেন। বিকাশ লেনদেনের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৯৫% গ্রাহকই মাসে ২৫ হাজার টাকার মধ্যে ক্যাশ আউট করে থাকেন। সেই বিষয়টিকে বিবেচনায় নিয়েই বিকাশ তার এক দশক পূর্তিতে গ্রাহকের জন্য এই সাশ্রয়ী ক্যাশ আউট চার্জ নিয়ে এসেছে। 

সেবাটি পেতে গ্রাহক ক্যালেন্ডার মাস অনুযায়ী একজন বিকাশ এজেন্টকে ‘‘প্রিয় এজেন্ট’’ হিসেবে যোগ করে নিতে পারবেন। ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজনমত ‘‘প্রিয় এজেন্ট’’ নম্বর পরিবর্তনও করে নিতে পারবেন তিনি। 

‘‘প্রিয় এজেন্ট’’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। 

এছাড়াও, *২৪৭# ডায়াল করে ‘‘মাই বিকাশ’’ মেনু থেকে ‘‘প্রিয় নম্বর’’ মেনু নির্বাচন করে ‘‘প্রিয় এজেন্ট’’ নম্বর যুক্ত করে নেওয়ার সুযোগও থাকছে। 

বিকাশের ওয়েবসাইটে ক্লিক করে প্রিয় এজেন্ট নম্বর যুক্ত করার পদ্ধতির বিস্তারিত জানা যাবে। 

প্রতিমাসে ২৫ হাজার টাকার চেয়ে বেশি ক্যাশ আউট করার ক্ষেত্রে হাজারে ১৮.৫০টাকা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। ‘‘প্রিয় এজেন্ট’’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে একই হারে চার্জ প্রযোজ্য হবে। 

এছাড়া সারাদেশে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রায় ১৫০০টির বেশি এটিএম বুথ থেকে যেকোনো সময় প্রয়োজনমত হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউটের সুযোগ অব্যাহত থাকছে। 

দেশের শহরাঞ্চলে কাজ করছেন এমন জনগোষ্ঠী বিশেষ করে গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ নিয়মিত প্রিয়জনের কাছে বিকাশে টাকা পাঠান। 

বিকাশ জানায়, দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এই প্রিয়জনেরা তাদের সুবিধামতো বাড়ির কাছের বিকাশ এজেন্ট থেকেই নিয়মিত ক্যাশ আউট সেবা নিয়ে থাকেন। এখন থেকে কম খরচে বিকাশে ক্যাশ আউট করার সুযোগ তৈরি হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীসহ সবার জন্য মোবাইল আর্থিক সেবা আরো সাশ্রয়ী হলো।

   

About

Popular Links

x