স্বর্ণের দাম ভরি প্রতি এক হাজার ৭৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে বাজারে ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম (২২ ক্যারেট) বেড়ে দাঁড়াবে ৭৮ হাজার ২৬৫ টাকা। যা এতদিন ছিল ৭৬ হাজার ৫১৬ টাকা।
মঙ্গলবার (১৭ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ মে থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ২৬৮ টাকা। আর ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির খরচ পড়বে ৭৪ হাজার ৭০৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৩ হাজার ৩৬২ টাকা।



