আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ৪ লাখ ১০ হাজার ডলার পাঠাতে চেয়েছিল বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ। এজন্য তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করলেও সেটির অনুমোদন পায়নি প্রতিষ্ঠানটি।
এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ব্র্যান্ড পার্টনার হিসাবে এএফএ”র সঙ্গে চুক্তি করে।
চুক্তি অনুযায়ী আর্জেন্টিনায় অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি চেয়েছিল বিকাশ।
তবে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট ও প্রয়োজনের বিষয়টি বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক মার্চ মাসে বিকাশের আবেদন প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মো. সারওয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের প্রচারিত বিজ্ঞাপনে দেখা যায়, প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হিসেবে নিযুক্ত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে এএফএ”র সঙ্গে তারা চুক্তিবদ্ধ। এমনকি বিকাশ তাদের ওয়েবসাইটে এএফএ”র লোগোও ব্যবহার করেছে।
এছাড়া এএফএ ও নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুকে বিকাশকে একটি আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসাবে তালিকাভুক্ত করেছে। বিকাশ ছাড়াও এ তালিকায় ১৬টি প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে রয়েছে- ভারতীয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক আমূল, টাটা গ্লুকো, গ্লুকোজ-ভিত্তিক রেডি-টু-সার্ভ পানীয় ও টাটা গ্রুপ।
কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র থেকে জানা যায়, চুক্তি মোতাবেক বিকাশ কোম্পানি লিমিটেডের এএফএ”কে লাখেরও বেশি মার্কিন ডলার এ দেশ থেকে পাঠাতে হবে। আবেদনে আউটওয়ার্ড রেমিট্যান্সের (দেশ থেকে বাইরে ডলার পাঠানো) মাধ্যমে তারা এএফএ”কে ডলার পাঠানোর কথা উল্লেখ করে।
চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ডলারের সার্বিক অবস্থা বিবেচনা করে ব্যাংক খাতের মাধ্যমে ৪ লাখ ১০ হাজার ডলার আর্জেন্টিনায় প্রেরণ করতে পারছে না।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এই ধরনের স্পন্সরশিপের ক্ষেত্রে, বিদেশে পাঠানো যেকোনো অর্থপ্রদানের জন্য সাধারণত একটি নির্দিষ্ট হারে ভ্যাট এবং ট্যাক্স লাগে। এ ধরনের অর্থপ্রদান নিয়ন্ত্রকের অনুমতি ছাড়া করা যাবে না। আর এখানে যে কোনো বিকল্প উপায় ব্যবহার করা হলে সেটি অবৈধ বলে বিবেচিত হবে।
বিকাশ ইতিমধ্যে এএফএ-তে কোনো অর্থ দিয়েছে কি না এমন প্রশ্নে প্রতিষ্ঠানের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। অর্থপ্রদানের প্রক্রিয়াটি দীর্ঘ ও ধাপে ধাপে পদ্ধতি অনুসরণ করে তা করতে হয় বলেও জানান তিনি।
তিনি বলেন, “বিকাশ বাংলাদেশ ব্যাংকের সব নীতি-নিয়ম অনুসরণ করবে।”
এ বছরের ৮ মে বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ তাদের ব্র্যান্ড পার্টনারশিপ ঘোষণা করে।
আর্জেন্টিনা দল বাংলাদেশি ভক্তদের কাছ থেকে যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে, সেই আবেগ আর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপজয়ী দলের সঙ্গে বিকাশের এই ব্র্যান্ড পার্টনারশিপ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর জানান, বিশ্বের শীর্ষ ফুটবল দল আর্জেন্টিনা এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়রা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্র্যান্ড বিকাশের সঙ্গে সহযোগী হতে আগ্রহী হয়েছে।



