Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অর্থ উপদেষ্টা: ডিসেম্বরের মধ্যে এডিবি ৪০০ মিলিয়ন ডলার দেবে

সচিবালয়ে এডিবি প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

বাজেট সহায়তার অংশ হিসেবে ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০০ মিলিয়ন ডলার পাওয়া যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এডিবি ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) এর প্রতিনিধি দল এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, “ফান্ড দেওয়ার বিষয়ে তিনজনই (এডিবি, জাইকা ও অস্ট্রেলিয়া) ইতিবাচক। এডিবির বাজেট সাপোর্ট আসবে। ডিসেম্বরের মধ্যে এডিবি ৪০০ মিলিয়ন ডলার দেবে। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ) ৪.৭ বিলিয়ন ডলার দেবে। তাদের কাছে আমরা আরও ৩ বিলিয়ন ডলার চেয়েছি।”

তিনি বলেন, “জাইকা আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রজেক্টে তাদের অর্থায়ন রয়েছে। ভৌত অবকাঠামো ঋণগুলো আমরা কন্টিনিউ করতে বলেছি, সেটা ওরা কন্টিনিউ করবে। এছাড়া আরো দুইটা বিষয়ে কথা বলেছি। এর একটা হলো দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকনিক্যাল বিষয় রয়েছে।”

বৈদেশিক ঋণের ফ্লো সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, “বৈদেশিক ঋণের ফ্লো ঠিক ছিলো। ফ্লো একেবারে কম আসেনি। কিন্তু এগুলোর ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন আছে।”

তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়াও আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশিদার। কারণ তারা যেসমস্ত সহায়তা করে সেটা সরাসরি প্রভাব ফেলে। ইউরোপ, কানাডা ও ইউকে ছাড়া অস্ট্রেলিয়া অনেক বড় দেশ। তারা সহযোগিতা করে সেটা তহবিল হিসেবে করে। তারা আঞ্চলিক বাণিজ্য বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য খুব সীমিত দেশের সঙ্গে। অস্ট্রেলিয়া যদি এখানে আসে আমরা আসিয়ানের অন্তর্ভুক্ত হতে পারবো।”

   

About

Popular Links

x