Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভ্যাট কমায় মিষ্টির ‘তেতো’ কিছুটা কমলো

মিষ্টির ওপর ভ্যাট হার ১৫% থেকে ১০% করার সিদ্ধান্ত এনবিআরের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম

মিষ্টির দোকানের ভ্যাট হার কমিয়ে ১০% করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে মিষ্টির দোকানের ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। দুই-একদিনের মধ্যে এ বিষয়ে আদেশ জারি হবে। ভ্যাট কমলেও পুরোনো হারের চেয়ে ২.৫% বেশি ভ্যাট দিতে হবে ভোক্তাদের।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এসব পণ্য ও সেবার খরচ বেড়ে যায়।

শনিবার (১১ জানুয়ারি) থেকেই মোবাইল ফোন ব্যবহারে, ইন্টারনেট, টিস্যু, আঙুর, আপেল, তরমুজ, তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, এলপিজি গ্যাস, হোটেল ভাড়া ও চশমার মতো পণ্যের ওপর নতুন ভ্যাট ও সম্পূরক শুল্কহার কার্যকর করা হয়।

এছাড়া, রেস্তোরাঁ, বিস্কুট ও কেক, আচার ও টমেটো সস, কাপড়, দর্জির দোকান, টয়লেট টিস্যু, ন্যাপকিন ও টাওয়েল, মিষ্টি, ড্রাইভিং লাইসেন্স, নন-এসি হোটেল, চশমা, সানগ্লাস, মোটর ওয়ার্কশপ ও লুব্রিকেন্ট তেলের ওপর ৫% থেকে বাড়িয়ে ১৫% পর্যন্ত করা হয়।

এনবিআর জানিয়েছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার, বৈদ্যুতিক খুঁটি, স্টিলের কোল্ড রোল্ড কয়েল, চুনাপাথর ও ডলোমাইটের মতো কয়েকটি শিল্পপণ্যের ভ্যাটও ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে।

এদিকে, বাণিজ্যিক পর্যায়ে ওষুধের ওপর ভ্যাট বাড়ানোর কারণে ওষুধ কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। এ ক্ষেত্রে ভ্যাটের হার ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। মুদ্রণ, সিনেমার টিকিট, মেরামত ও সার্ভিসিং এবং পরিচ্ছন্নতা সেবার খরচও বাড়বে। এতে পূর্বে নির্ধারিত ভ্যাট ১০% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে।

এছাড়াও এখন উড়োজাহাজে ভ্রমণের ক্ষেত্রেও গুণতে হবে বাড়তি টাকা।

 

 

   

About

Popular Links

x