Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অনলাইনে সারাবছর দেওয়া যাবে আয়কর রিটার্ন

এ বছর ১৪ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম

ব্যক্তি পর্যায়ের করদাতাদের রিটার্ন দাখিলের সময় ছিল ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। সেই রিটার্ন দাখিলের সময় কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার শেষ দিন ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে এবার সহজীকরণ ও অধিকতর করদাতাবান্ধব করার লক্ষ্যে করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা তুলে দিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  নতুন নিয়মে, এখন বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সুবিধা পাবে করদাতারা।

 রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কোনরূপ কর অব্যাহতি পাবেন না। তাছাড়া, কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।

উল্লেখ্য, ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার শেষ দিন ছিল আজ। অফিস চলাকালীন নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে আগের মতো সনাতনী পদ্ধতিতে কাগুজে রিটার্ন দিয়েছেন করদাতারা। আর অনলাইনে যারা রিটার্ন দেবেন, তারা রাত ১২টা পর্যন্ত জমা দেওয়ার সুযোগ ছিল। তবে নতুন সিদ্ধান্তের ফলে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়লো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সম্মানিত করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতাবান্ধব করার ফলে ইতোমধ্যে এ বছর ১৪ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

   

About

Popular Links

x