২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতাদের জন্য ন্যূনতম আয়কর বাড়িয়ে ৫,০০০ টাকা করার প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে এলাকা ভেদে ন্যূনতম কর হার ৩,০০০ থেকে ৫,০০০ টাকা নির্ধারিত রয়েছে।
তবে নতুন টিআইএন (ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার) গ্রহণকারীদের জন্য ন্যূনতম কর ১,০০০ টাকা করা হতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, বাজেটে সংশোধিত ন্যূনতম কর হার আরোপ করে অধ্যাদেশ জারি করা হতে পারে।
এনবিআরের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম টিবিএসকে বলেন, “অনেক ব্যক্তি ন্যূনতম করের সুবিধা নিতে তাদের করযোগ্য আয় কম দেখান। এজন্য আমরা ন্যূনতম কর কাঠামো সংশোধন করছি। তবে নতুন করদাতাদের কর ছাড় দেওয়া হতে পারে, যাতে তারা রিটার্ন দাখিল করতে উদ্বুদ্ধ হন।”
প্রস্তাবিত কর হার অনুযায়ী, দেশের সব করদাতাদের ন্যূনতম আয়কর বেড়ে দাাঁড়াবে ৫,০০০ টাকা।
জানা গেছে, বর্তমানে ন্যূনতম কর হার দেশের বিভিন্ন জেলায় ভিন্ন। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের ন্যূনতম কর ৫,০০০ টাকা। অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার জন্য এ হার ৪,০০০ টাকা। এর বাইরে দেশের অন্যান্য সব অঞ্চলের ন্যূনতম কর ৩,০০০ টাকা।
আর কারও যদি কোনো করযোগ্য আয় না থাকে অর্থাৎ জিরো রিটার্ন হয়, তাহলে ওই ব্যক্তিকে কোনো কর দিতে হয় না। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন এলাকার কারও ৫,০০০ টাকার নিচে কর হয়, তাকেও বর্তমানে ন্যূনতম কর দিতে হয় ৫,০০০ টাকা।
এছাড়া উদাহরণ স্বরূপ খুলনা জেলার একজন টিআইএনধারী রিটার্ন জমা দিলেন, যার আয়, অনুমোদিত ব্যয় ও বিনিয়োগ বাদ দিয়ে কর আসে ৭০০ টাকা। কিন্তু ওই করদাতাকে বর্তমানে ন্যূনতম কর দিতে হয় ৩,০০০ টাকা।
প্রসঙ্গত, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এর আগে জানিয়েছেন, জমা দেওয়া প্রায় ৩০ লাখই জিরো রিটার্ন। দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ১.১৫ কোটির বেশি। এর মধ্যে রিটার্ন জমা হয় ৪৫ লাখের মতো।



রবি-সোম সারাদিন কর্মবিরতি পালন করবেন শুল্ক–কর কর্মকর্তা–কর্মচারীরা