Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রিজার্ভ বৃদ্ধির কারণ হিসেবে যা জানালেন অর্থ উপদেষ্টা

সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৫:২৭ পিএম

দেশের রিজার্ভ বৃদ্ধির কারণ হিসেবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “বাজেট-সহায়তা হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক থেকে অর্থ পাওয়ার পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্স মোটামুটি ভালো হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।”

বুধবার (২৫ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে গত সোমবার আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩৭ কোটি ডলার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকেও অর্থ মিলেছে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘‘বিদেশি বিনিয়োগ প্রবাহের গতি কম। বাজেট-সহায়তা আসার কারণে রিজার্ভ বেড়ে গেছে। পাশাপাশি রপ্তানিটাও এখন মোটামুটি ভালো। রেমিট্যান্সও আসছে ভালো। সৌদি আরবে গিয়ে জানলাম, সাধারণ নাগরিকেরা আমরা (অন্তর্বর্তীকালীন সরকার) আসছি বলেই টাকা পাঠাচ্ছেন। আগে তারা টাকা পাঠাতে স্বস্তি পেতেন না। টাকা পাঠালে কোথায় যায়, কী হয়, এগুলো নিয়ে তাদের অস্বস্তি ছিল।’’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘‘ব্যবসায়ীদের আস্থা আরও বেশি কীভাবে ফিরিয়ে আনা যায় আমরা দেখব। ব্যবসায়ীদের মোটামুটি আস্থা আছে। আমরা যখন বিনিময় হার উন্মুক্ত করি (ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া) তখন আমাদের অনেক টেনশন ছিল, হঠাৎ কী হয়ে যায়। পাকিস্তানের মতো হয়ে গেল তো আমাদের জন্য বিপদ। তবে সেরকম কিছু হয়নি।’’

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘ক্রয় কমিটির বৈঠকে গম কেনা হয়েছে। এই কেনাকাটায় ১৮ কোটি থেকে ২০ কোটি টাকা সাশ্রয় হবে। চাল গমের যে রিজার্ভ আছে, সেটা এখনো মোটামুটি সন্তোষজনক। তবু আমরা বলেছি ৫০ হাজার টন গম এনে রাখার জন্য, যাতে খাদ্যের কোনো ঘাটতি না দেখা দেয়।’’

   

About

Popular Links

x