Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২০২৬ সালের প্রশ্নপত্র দিয়ে ওই কেন্দ্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি স্কুলে ভুল প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটে। পরে বিষয়টি বুঝতে পেরে এ বছরের সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় কেন্দ্র সচিব মতিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে কক্ষের দায়িত্বরত শিক্ষককে অবহিত করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে তাদের পরীক্ষার প্রশ্ন পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হয়। এ জন্য দেড় ঘণ্টা অতিরিক্ত সময় বাড়িয়ে দেওয়া হয়।

ওই কেন্দ্রে পরীক্ষা দেওয়া সিনহা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “আমরা ভুল প্রশ্নপত্রের বিষয়টি টের পাওয়ার পর শিক্ষকদের জানিয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেননি। পরে দেড় ঘণ্টা সময় অতিবাহিত হওয়ার পর ২০২৬ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। নতুন প্রশ্নে পরীক্ষা দেওয়ার জন্য দেড় ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিন সরকার বলেন, “এটা আমাদের ভুল হয়েছে। ভুলবশত ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছে। পরে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয়েছে ও অতিরিক্ত দেড় ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “পরীক্ষার শুরুর দিকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। পরে বিষয়টি বুঝতে পেরে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সময় বাড়িয়ে এ বছরের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান বাংলা ট্রিবিউনকে বলেন, “ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার বিষয়টি বুঝতে পেরে বোর্ড চেয়ারম্যানসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে এ বছরের প্রশ্ন দেওয়া হয়। এ জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়। আর এ ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়।”

   

About

Popular Links

x