দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১১ মে) দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই নির্দেশনা পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন প্রান্তের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনে দেখা গেছে, অনেক বিদ্যালয়েই পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে চরম অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে। বিদ্যালয়ের নোংরা পরিবেশ নিয়ে জনমনে বিরূপ ধারণা তৈরি হচ্ছে, যা শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করছে। এই প্রেক্ষাপটেই নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য কড়া নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
বিদ্যালয়ের পরিবেশকে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীবান্ধব করতে নির্দেশনায় সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে: বিদ্যালয়ের ভবন ও খেলার মাঠ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিদ্যালয়ের ভবনের ছাদ নিয়মিত ঝাড়ু দেওয়া এবং পরিষ্কার রাখা নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের কার্নিশ বা দেয়ালে জন্ম নেওয়া পরজীবী গাছ ও আগাছা দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, সরকারি স্থাপনার সঠিক রক্ষণাবেক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে এই নির্দেশনার বাস্তবায়ন নিয়মিত তদারকি করা হবে।



