Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়

আপডেট : ২১ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

বর্তমানে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আপাতত অনলাইনে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক ও আর্থিক চাপ কমানো এবং বর্তমান শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান হয়েছে।

বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একবার এবং পরবর্তীতে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবারও রেজিস্ট্রেশন করতে হয়।

তা সত্ত্বেও অষ্টম শ্রেণিতে নতুন করে আরেকটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করছে, যা অভিভাবকদের মাঝেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এসব বিষয় বিবেচনা করে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর অধীনে চলমান ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশনার অনুলিপি ইতিমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তর এবং দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x