আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় পড়াশোনার খরচ আরো বাড়ছে। দেশটির সরকার স্টুডেন্ট ভিসা আবেদন ফি, পোস্টস্টাডি ওয়ার্ক ভিসা ফিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ফি বৃদ্ধি করেছে। নতুন এই ফি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
নতুন নিয়মে উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা আবেদন ফি ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২,৫০০ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে। তবে আসিয়ানভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ২,০৫০ অস্ট্রেলিয়ান ডলার।
এ ছাড়া ইংরেজি ভাষা শিক্ষা (ইএলআইসিওএস) কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভিসা আবেদন ফিও বাড়ানো হয়েছে। অন্যদিকে পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ দেওয়ার জন্য ব্যবহৃত টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা (সাবক্লাস ৪৮৫)-এর আবেদন ফি ৪ হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৫০ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে।
শুধু শিক্ষার্থী ভিসাই নয়, নিয়োগকর্তার স্পনসর করা দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এ ধরনের ভিসার জন্য নির্ধারিত ন্যূনতম বার্ষিক বেতনসীমা ৭৬,৫১৫ অস্ট্রেলিয়ীয় ডলার থেকে বাড়িয়ে ৭৯ ,৪৯৯ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে।
সাম্প্রতিক ফি বৃদ্ধির ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম ব্যয়বহুল শিক্ষার্থী ভিসার গন্তব্যে পরিণত হয়েছে। বর্তমানে দেশটিতে স্টুডেন্ট ভিসার আবেদন ফি ২,৫০০ অস্ট্রেলিয়ীয় ডলার। এর বিপরীতে যুক্তরাজ্যে প্রায় ৯৩৫, নিউজিল্যান্ডে ৭৯০, যুক্তরাষ্ট্রে ৭৭৫ এবং কানাডায় প্রায় ২৪০ অস্ট্রেলিয়ীয় ডলার সমপরিমাণ ফি রয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২২ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার আবেদন ফি প্রায় ২৮৫% বেড়েছে। একই সময়ে পোস্টস্টাডি ওয়ার্ক ভিসার ফি বেড়েছে প্রায় ১৪৮%।
তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির শিক্ষা খাতের প্রতিনিধিরা।
ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ফিল হানিউড বলেন, “আন্তর্জাতিক শিক্ষা খাতের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ভিসা ফি বাড়ানো হয়েছে। এতে অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলো আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণে সুবিধা পেতে পারে।”
ইনডিপেনডেন্ট হায়ার এডুকেশন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী পিটার হেন্ডিও সতর্ক করে বলেছেন, নতুন ফি কাঠামোর কারণে বৈশ্বিক শিক্ষা গন্তব্য হিসেবে অস্ট্রেলিয়ার আকর্ষণ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
শিক্ষা বিশ্লেষকদের মতে, ভিসা ফি বৃদ্ধির ফলে অস্ট্রেলিয়ায় পড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে।



