এসএসসি পরীক্ষায় টানা ১৭ বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার অনন্য রেকর্ড ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। ২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে।
কলেজের তথ্য অনুযায়ী, গত ১৭ বছরে মোট ৮৩২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করেছেন।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। গত সাত বছরের মধ্যে এটি এ বোর্ডের সর্বনিম্ন পাসের হার। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ।
এর মধ্যেও নিজেদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবার প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে।
কলেজের তথ্যমতে, ২০১০ সালে ৪৪ জন, ২০১১ সালে ৪৩ জন, ২০১২ সালে ৫১ জন, ২০১৩ সালে ৪৭ জন, ২০১৪ সালে ৫২ জন, ২০১৫ সালে ৫৬ জন এবং ২০১৬ সালে ৫৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পান।
এ ছাড়া ২০১৭ সালে ৫১ জন, ২০১৮ সালে ৫০ জন, ২০১৯ সালে ৪৫ জন, ২০২০ সালে ৪৬ জন, ২০২১ সালে ৫১ জন, ২০২২ সালে ৪৬ জন, ২০২৩ সালে ৫১ জন, ২০২৪ সালে ৪৮ জন এবং ২০২৫ সালে ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন।
করোনাভাইরাস মহামারির সময় পরীক্ষার ধরন ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন এলেও রাজশাহী ক্যাডেট কলেজের ফলাফলে এর প্রভাব পড়েনি। ২০২১ সালে পূর্ণাঙ্গ এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ওই বছর শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং অন্যান্য বিষয়ের ফল আগের পরীক্ষার ফল ও বিষয়ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হয়। ২০২২ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পায়।
শিক্ষকদের মতে, সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত অধ্যয়ন, অভিজ্ঞ শিক্ষক, মানসম্মত শিক্ষা, মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয় শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেন, ক্যাডেট কলেজগুলোতে শুধু একাডেমিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয় না; শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, "দেশের বেশিরভাগ শিক্ষার্থী এবার প্রথমবার সিসি ক্যামেরার নজরদারিতে পরীক্ষা দিয়েছে। তবে ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা প্রায় আট বছর ধরে এ ধরনের পরিবেশে পরীক্ষা দিয়ে আসছে। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসানো হয় এবং একটি কক্ষে সাধারণত ১২ থেকে ১৪ জন পরীক্ষার্থী থাকে। ফলে তারা পরীক্ষাকেন্দ্রে কোনো বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ নেই এ বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নেয়।"
অধ্যক্ষ আরও বলেন, "সামগ্রিকভাবে ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নৈতিক চরিত্রে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।" ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে তিনি সবার দোয়া কামনা করেন।



