Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘চুয়েটে আর ফিরবেন না’, শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

উপাচার্য পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে তিনি ক্যাম্পাস ছাড়েন।

উপাচার্যকে ক্যাম্পাস ছাড়তে দেওয়ার বিনিময়ে একটি শর্ত দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের নিচে তাকে নামিয়ে আনার পর মাইক হাতে এক শিক্ষার্থী ঘোষণা দেন, “ভিসিকে আমরা ক্যাম্পাস থেকে বের হতে দিচ্ছি একটি মাত্র শর্তে, সেটি হলো তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না।”

ওই সময় সেই শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। পরে পুলিশি নিরাপত্তায় উপাচার্যকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এ সময় শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে “ভুয়া ভুয়া” স্লোগান দেন।

মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপাচার্যকে উদ্ধার করতে ক্যাম্পাসে ঢোকেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে বলেন, “একজন সম্মানিত শিক্ষক আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন এবং চিকিৎসার কথা বলেছেন। তাকে নিয়ে যেতে আমরা এসেছি এবং তাকে হাসপাতালে ভর্তি করা হবে।“ তবে কোন হাসপাতালে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের মধ্যে সোমবার (১২ অক্টোবর) সকালে প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সকাল পৌনে ৯টার দিকে তার ক্যাম্পাসে প্রবেশের পর নতুন করে উত্তেজনা ছড়ায়।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকেছেন। এরপর তারা পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে তাকে অবরুদ্ধ রাখার ঘোষণা দেন তারা। এরপর থেকে উপাচার্য নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন।

উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে সোমবার চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন যৌথভাবে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চুয়েটে ২১ সেপ্টেম্বর থেকে অচলাবস্থা চলছে। ওই দিন সাবেক উপাচার্য সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এবং উপাচার্য ভবনে তালা দেন। পরে তারা মুখোশ মিছিল ও চোখ বাঁধা প্রতিবাদ মিছিলসহ নানা কর্মসূচি পালন করেন। একপর্যায়ে ক্লাস-পরীক্ষা বর্জন ও বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক বন্ধের কর্মসূচি শুরু হয়।

   

About

Popular Links

x