Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে ফিরবেন না শিক্ষার্থীরা

দলীয় রাজনীতি নিষিদ্ধ হলেই দখলদারিত্ব, লেজুড়বৃত্তি রাজনীতির রাস্তা বন্ধ হবে

 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা না হলে আগামী ২২ তারিখ থেকে ক্লাসে ফিরবেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগান হল “ক্যাম্পাস পলিটিক্স, নো মোর নো মোর”, “দলীয় রাজনীতির ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না”, “হলে হলে খবর দে, ছাত্র রাজনীতির কবর দে” ইত্যাদি।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। যেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধ হলেই দখলদারিত্ব, লেজুড়বৃত্তি রাজনীতির রাস্তা বন্ধ হয় সেখানে ইনিয়ে বিনিয়ে কথা বলার মানে হয় না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে ছাত্র সংসদ চালু করতে হবে। আর যদি ক্যাম্পাসে রাজনীতি বন্ধ না করা হয় তাহলে আমরা ২২ তারিখে ক্লাসে ফিরতে চাই না।

তারা আরও বলেন, হলগুলোতে গেস্টরুম, গণরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক প্রহসন চালানো হয় শুধু রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদী স্বার্থ হাসিল করার জন্য। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের নোংরা দলীয় রাজনীতির বিপক্ষে অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থীরা।

   

About

Popular Links

x