Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দাবির পক্ষে সিদ্ধান্ত না আসলে কঠোর আন্দোলনের হুশিয়ারী শিক্ষার্থীদের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম

সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভিসির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়৷ এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মিছিলে শিক্ষার্থীদেরকে, “দলীয় রাজনীতির অর্জন মাদক সিন্ডিকেট আর ধর্ষণ”, “আমরা জাবিয়ান ভাই ভাই রাজনীতির ঠাই নাই”, “ডান বামের রাজনীতি চাই না তাদের উপস্থিতি”, “এক দফা এক দাবি, চাই না কোনো রাজনীতি”, প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে শিক্ষার্থীরা ৩ দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো- সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি বন্ধ করা, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত করা এবং ১৪ থেকে ১৭ জুলাই ক্যাম্পাসে হামলাকারী ও মদকদাতা সকলকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রীয় আইনে বিচার নিশ্চিত করা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার লেজুড়বৃত্তিক রাজনীতি চাই না। প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে অতিদ্রুত ক্যাম্পাসে সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এছাড়া ক্যাম্পাসে ছাত্র সংসদ চালু করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “হঠাৎ করে আন্দোলনের মুখে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা মব জাস্টিসের মতোই এবং বিরাজনীতিকরণেরই নামান্তর। তাই অংশী-জন সবার মতামতের ভিত্তিতে এটা নিষিদ্ধ করতে হবে। এ জন্য প্রশাসনকে পর্যাপ্ত সময় দিতে হবে।”

পরে উপাচার্যের কথায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করেন। একইসঙ্গে রবিবারে শিক্ষার্থীদের দাবির পক্ষে সিদ্ধান্ত না আসলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

   

About

Popular Links

x