Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে জিপিএ-৫ বেড়ে দ্বিগুণ

গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১১,২৫৮ জন শিক্ষার্থী। অথচ গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পিএম

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় দ্বিগুণের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন এবার। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১১,২৫৮ জন শিক্ষার্থী। অথচ গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলিউল আলম এসব তথ্য জানান।

এবার রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের পাশের হার ৮১.২৪%। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৭৬% আর ছাত্রীদের পাশের হার ৮৭%। জিপিএ-৫ পেয়েছেন ২৪,৯০২ জন শিক্ষার্থী। ২০২৩ সালে এ বোর্ডে পাশের হার ছিল ৭৮.৪৬%।

অলিউল আলম বলেন, “এ বছর শতভাগ পাশ করেছে ৩৫ কলেজের শিক্ষার্থী। শতভাগ ফেল করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১২টি। যেসব কলেজের কোনো শিক্ষার্থী পাশ করেনি, সেসব কলেজের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এবার পাশ করেছে এক লাখ ১১ হাজার ৪৪৮ জন। পাশের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রীরা এগিয়ে।”

তিনি আরও বলেন, “গত ৩০ জুন থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। পরীক্ষায় ৭১,৮১৭ জন ছাত্র এবং ৬৫,৩৬৭ জন ছাত্রী অংশ নেয়। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২৪,৯০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১০,৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ১৪,৫৯৭ জন।”

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এক বিষয়ে অকৃতকার্যের হার গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর ছিল ১৪.২৯%। এ বছর তার হার ১৫.৫৫%। এ বছর ২০৩টি কেন্দ্রে ৭৪১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।

   

About

Popular Links

x