Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫২৭ কোটি টাকার বিচ্ছেদে বলিউডে রেকর্ড হৃতিক-সুজানের

হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ নিষ্পত্তিতে রেকর্ড অঙ্কের অর্থ লেনদেনের উদাহরণ হয়ে আছে

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৫:১০ পিএম

তারকাদের বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার লেনদেন। তবে বলিউডে এর সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছে হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ। তাদের এই ডিভোর্সের নিষ্পত্তিতে যে অঙ্কের অর্থ জড়িত, তা বলিউডের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে।

হৃতিক বলিউডের নির্মাতা রাকেশ রোশনের ছেলে আর সুজান অভিনেতা সঞ্জয় খানের মেয়ে। তারা শৈশবের বন্ধু। ২০০০ সালের ব্লকবাস্টার সিনেমা “কাহো না পেয়ার হ্যায়” দিয়ে তারা জুটি বাঁধেন। বলিউডে অভিষেকের আগে থেকেই তাদের প্রেম চলছিল। চার বছরের সম্পর্কের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে জন্ম নেয় দুই ছেলে-হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।

তবে ২০১০ সালে কাইটস সিনেমার শুটিং চলাকালে তাদের সম্পর্কে ফাটল ধরার খবর ছড়িয়ে পড়ে। অবশেষে ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে, শেষ হয় ১৪ বছরের সংসার। বিচ্ছেদের পরও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। প্রায়ই সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান পান প্রায় ৩৮০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২৭ কোটি টাকা)। নগদ অর্থ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো মাধ্যমে এই অর্থ দেওয়া হয়েছে, তা প্রকাশ করা হয়নি। তবুও এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স হিসেবে রেকর্ড গড়েছে।

বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, আর সুজান সম্পর্কে রয়েছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিককে শিগগিরই দেখা যাবে "ওয়ার ২" ছবিতে, যা মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।

   

About

Popular Links

x