Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাপ্পি লাহিড়ির জন্য গান লিখেছিলাম, দাবি মমতার

মমতা বলেন, ‘আমার সঙ্গে বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দুটো গান লিখে দিও’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৮ পিএম

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত তারকা বাপ্পি লাহিড়ি প্রয়াত হয়েছেন গত সপ্তাহে। অসংখ্য ভক্ত শ্রোতার পাশাপাশি তার মৃত্যুতে শোকপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার মমতা জানালেন কিংবদন্তি এই শিল্পীর অনুরোধে তিনি দুটি গান লিখে দিয়েছিলেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাপ্পি লাহিড়ি মৃত্যুতে শোকপ্রকাশ করতে গিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “লতা মঙ্গেশকরও হারিয়ে গেলেন। বাপ্পি লাহিড়ি মন কেড়েছিলেন। তার গানগুলো আজকের ছেলে-মেয়েদের মধ্যেও জনপ্রিয়। তিনি ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’র মতো গানও গেয়েছেন। আমার সঙ্গে বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দুটো গান লিখে দিও। আমি গাইব। গান লিখেও দিয়েছিলাম। কোনো কারণে হয়তো সময় পাননি, তার গেয়ে ওঠা হয়নি। সন্ধ্যাদিও মারা গেলেন, খারাপ লাগে।”

এদিন মমতা বলেন, “আজ মাতৃভাষা দিবসে সব ভাষাভাষির মানুষকে অভিনন্দন জানাই। আমাদের ভাষার অবলুপ্তি যেন না হয়। সব ভাষাকে ভালোবাসব। কিন্তু যে ভাষায় মা বলতে শিখেছি তাকে একটু বেশি ভালোবাসতে হবে। বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। আজকাল বাবা মারাই বাংলা শেখাতে চান না।”

   

About

Popular Links

x