Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

একই গল্পে ভিন্ন চার চরিত্রে আসাদুজ্জামান নূর!

বিটিভিতে প্রতি শনিবার প্রচারিত গোয়েন্দা ধারাবাহিক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’-এর একটি পর্বে হাজির হবেন এ কিংবদন্তি অভিনেতা

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৪:৩৪ পিএম

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ইতোমধ্যে শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক “বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি” প্রচারিত হচ্ছে। এতে “আগুনপাখির বাসা” নামের একটি গল্পে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে। তবে একটি চরিত্রে নয়, কিংবদন্তি এ অভিনেতাকে একই নাটকে ৪টি ভিন্ন চরিত্রে দেখতে পাবেন দর্শকরা।

অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী, নাটকটিতে “আগুনপাখির বাসা” গল্পে আসাদুজ্জামান নূরকে একইসঙ্গে সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদের ভূমিকায় দেখা যাবে।

আগুনপাখির বাসা নাটক রচনা করেছেন স্বপন নাথ। নাটকটি প্রযোজনা করেছেন মো. এরশাদ হোসেন।

আগুনপাখির বাসা নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক এরশাদ হোসেন জানান, বন্ধুদের মাধ্যমে শিশু গোয়েন্দা মিতু ও টিটু জানতে পারে “আগুনপাখির বাসা” নামের মহল্লার পুরনো বাড়িটিতে নাসির আহমেদ নামে এক নতুন ব্যক্তি এসেছেন। কিন্তু তাকে কখনও দেখা যায় না। সে বাড়িতে আরও তিনজন কাজের লোক-সুখলাল, জগলুল ও শাহনূরকে দেখা যায়। মিতু-টিটুরা খেয়াল করে এ ৪ জনকে কখনও একসঙ্গে দেখা যায় না। প্রত্যেকেই আলাদা আলাদা থাকে। প্রত্যেকের আচরণই কেমন যেন রহস্যময়। তবে চৌকষ ক্ষুদে গোয়েন্দা দল একসময় ঠিক রহস্যভেদ করে ফেলে। বেরিয়ে আসে মুক্তিযুদ্ধের বীরত্বময় কিছু করুণ কাহিনি।

আসাদুজ্জামান নূর ছাড়াও নাটকে ফারজানা ছবি, কবির আহমেদ, শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীলকে দেখা যাবে।

বিটিভিতে প্রতি শনিবার সকাল সাড়ে ১০টায় “বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি” প্রচারিত হচ্ছে। আসাদুজ্জামান নূরকে নাটকের ২৩ থেকে ২৬তম পর্বে দেখা যাবে। আগামী ২৬ মার্চ থেকে “আগুনপাখির বাসা”র প্রচার শুরু হবে।  

   

About

Popular Links

x