এক হয়েছে বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের চার হাত। দুই জনপ্রিয় তারকার দীর্ঘদিনের প্রণয় পরিণয়ে রূপ নিয়েছে। সেই সঙ্গে আলিয়ার পুরুষ আর রণবীরের নারী অনুগ্রাহীদের মনেও যে বড় “আঘাত” লেগেছে তা বলাই বাহুল্য।
এ দলে আছেন শবনম ফারিয়াও। বাংলাদেশি এ মডেল ও অভিনেত্রী রণবীর কাপুরের বড় ভক্ত। কেবল তাই না, বলিউডের এ সুদর্শন অভিনেতা যে তার “ক্রাশ” ছিলেন সে কথাও অকপটে জানালেন তিনি।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শবনম ফারিয়া বলেন, “রণবীরটাও বিয়ে করে ফেললো! দুনিয়ায় অবিবাহিত আর কোনো ‘ক্রাশ’ থাকলো না! দুনিয়া নিষ্ঠুর!”
শুধু তাই না, এর ঘণ্টা তিনেক পর শাড়ি পরা একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেন, “রণবীর-আলিয়ার বিয়েতে অংশ নেওয়ার পর (আমার কল্পনায়)।”
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর ও আলিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রণবীরের গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় বিয়ের তোড়জোড়। বিয়ে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। লগ্ন অনুযায়ী বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হয় দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা।
বিকেলে মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে পাঞ্জাবি রীতিতে রণবীর কাপুর ও আলিয়ার বিয়ে হয়। অনেকটা ঘরোয়া এবং সাধারণ আয়োজনে এ বিয়ে অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দুজনের পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা।



