Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কেকে’র ‘অস্বাভাবিক’ মৃত্যুতে মামলা, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

কেকে’র সঙ্গে তার যেসব সঙ্গীরা কলকাতার অনুষ্ঠানে গিয়েছিলেন, তাদের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে

আপডেট : ০১ জুন ২০২২, ০২:৪৮ পিএম

ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) এর মৃত্যুকে “অস্বাভাবিক” দাবি করে মামলা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার (১ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় রাতে কলকাতার গুরুদাস কলেজে এক অনুষ্ঠানে গান গাইতে গাইতেই হঠাৎ অসুস্থ বোধ করেন কেকে। দ্রুত তাকে শহরের প্রথম সারির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



এ ঘটনায় বুধবার কেকে’র মৃত্যুকে “অস্বাভাবিক” দাবি করে নিউ মার্কেট থানায় মামলা হয়েছে। গায়কের সঙ্গে তার যেসব সঙ্গীরা কলকাতার অনুষ্ঠানে গিয়েছিলেন, তাদের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে।

সেই অভিযোগ পেয়েই তদন্ত নেমেছে পুলিশ। কেকে কলকাতায় গিয়ে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে পাঁচতারা হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারসহ অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে।

অস্বাভাবিক মৃত্যুর মামলায় কেকে’র মাথায় চোটের কথাও বলা হয়েছে বলে সূত্রের খবর। যদিও অন্য একটি সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় হোটেলে এসে পড়ে গিয়েছিলেন তিনি। চোট সেজন্যও লেগে থাকতে পারে।

তবে চিকিৎসকরা প্রাথমিক তদন্তে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পী কেকে’র। যদিও প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন গায়কের অনুরাগীরা। বুধবার সকালেই শিল্পীর মরদেহের ময়নাতদন্ত শুরুর কথা রয়েছে।

   

About

Popular Links

x