Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়ে করছেন কবে প্রশ্নের জবাবে তাপসী বললেন, এখনো অন্তঃসত্ত্বা হইনি

বিয়ের প্রশ্নে তাপসী পান্নুর জবাবকে অনেকেই খোঁচা হিসেবে দেখছেন

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৫:৩৯ পিএম

অভিনয় দক্ষতা দিয়ে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন ভারতীয় চিত্রনায়িকা তাপসী পান্নু। চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে ভক্ত-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। রূপালি পর্দা বা বাস্তব জীবন- সব জায়গায়ই তাপসী বেশ স্পষ্টভাষী হিসেবে পরিচিত।

সম্প্রতি তাপসী পান্নুর স্পষ্টবাদিতার আরেকটি নমুনা সামনে এলো। বিয়ে প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ভারতীয় এই চলচ্চিত্র অভিনেত্রী জানান, শিগগিরই বিয়ে তার কোনো পরিকল্পনা নেই। তবে তাপসী যেভাবে প্রশ্নটির উত্তর দিয়েছেন, তাতে অনেকেরই চোখ কপালে উঠতে পারে।

সোমবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগীদের সঙ্গে আলাপচারিতার জন্য ‍"আস্ক মি অ্যানিথিং" সেশনের আয়োজন করেন তাপসী পান্নু। বিভিন্ন প্রশ্নের ফাঁকে এক ভক্ত তাপসীর কাছে জানতে চান, “আপনি কবে বিয়ে করছেন?”

ভক্তের সেই প্রশ্নের জবাবে নিজের এক ভিডিও পোস্ট করে হাসিমুখে তাপসী পান্নু বলেন, “তো আমি কবে বিয়ে করছি? আমি এখনো অন্তঃসত্ত্বা হইনি। সুতরাং শিগগিরই বিয়ে করছি না। বিয়ে করলে সবাইকে জানিয়েই করব।”

বিয়ের প্রশ্নে তাপসী পান্নুর জবাবকে অনেকেই খোঁচা হিসেবে দেখছেন। নব্বইয়ের দশকে শ্রীদেবী থেকে শুরু করে নীনা গুপ্তা, সেলিনা জেটলি, কঙ্কনা সেন শর্মা হয়ে হাল আমলের আলিয়া ভাটের মতো বলিউড অভিনেত্রীরা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন।

বিয়ের আগে বলিউড অভিনেত্রীদের অন্তঃসত্ত্বা হওয়ার তালিকায় সর্বশেষ সংযোজন ইলিয়ানা ডি ক্রুজ। গত এপ্রিলে মা হওয়ার খবর জানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এ চিত্রনায়িকা। তাই অনেকেই মনে করছেন, বিয়ের প্রশ্নে অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গ টেনে বাকি অভিনেত্রীদের প্রচ্ছন্ন খোঁচা দিয়েছেন তাপসী।

মুখে স্পষ্টভাষী হলেও তাপসী পান্নু নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রেখে চলেন। ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেকদিনই গুঞ্জন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক ছবিতে তাদের একসঙ্গে দেখা গিয়েছে।

২০১৩ সালে “চাশমে বাদ্দুর” সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তাপসী পান্নু। চিত্রনায়িকার পাশাপাশি তিনি একজন প্রযোজকও বটে। ব্যতিক্রমধারার চলচ্চিত্রে অভিনয়ের জন্যই মূলত তাপসী জনপ্রিয়। “পিঙ্ক”, “নাম শাবানা”, “সুরমা”, “মুল্ক”, “থাপ্পড়”, “বাদলা”, “মানমার্জিয়া”, “সান্ড কি আঁখ”, “হাসিন দিলরুবা”, “গেম ওভার”র মতো সিনেমায় মূখ্য ভূমিকায় কাজ করে নজর কেড়েছেন এ অভিনেত্রী।

তাপসী পান্নুকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছে “ব্লার” ও “দোবারা”র মতো থ্রিলার ঘরানার চলচ্চিত্রে। সামনে তাপসী পান্নুকে দেখা যাবে রাজকুমার হিরানী পরিচালিত “ডাংকি” সিনেমায়। ড্রামা ঘরানার এ চলচ্চিত্রে প্রথমবারের মতো বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। সিনেমাটি আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

   

About

Popular Links

x